আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)–এর উপপরিচালক পদ থেকে সরে দাঁড়াবেন ড্যান বংগিনো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদ জানান।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বংগিনোর কাজের প্রশংসা করে বলেন,'সাবেক এই পডকাস্ট উপস্থাপক দায়িত্বে দারুণ কাজ করেছেন এবং তিনি আবার নিজের মিডিয়া কার্যক্রমে ফিরতে চান'। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া বংগিনো এফবিআইয়ের ভেতরে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় পদটির জন্য ব্যতিক্রমী নির্বাচন ছিলেন। তার নিয়োগের বিরোধিতাও করেছিল এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বংগিনো এর আগে নিউইয়র্ক সিটি পুলিশের কর্মকর্তা এবং মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এফবিআইয়ে তার দায়িত্বকালে দীর্ঘদিন ঝুলে থাকা বেশ কিছু তদন্তে অগ্রাধিকার দেওয়া হয়। শীর্ষ কর্মকর্তারা বলেছেন, স্বচ্ছতা বাড়ানো এবং পুরোনো মামলাগুলোতে অগ্রগতি আনতে বংগিনোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
আগামী বছরের শুরুতে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে বংগিনো মার্কিন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এফবিআইয়ে তার দায়িত্বকাল দেশের নিরাপত্তা জোরদারে ভূমিকা রেখেছে।