তারাকান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান আকন্দ (৪৫)। তিনি তারাকান্দা উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা আ. মতিন আকন্দ মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তারাকান্দা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহের উদ্দিন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত