বিএনপি মনোনয়ন না দিলে স্বতন্ত্র হয়ে লড়ব: শাহিন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়নেও বিএনপি থেকে বঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে আসনটিতে। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি। ঈশ্বরগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০১ সালে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। 

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি ছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহীনসহ আরও কয়েকজন প্রার্থী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাবেক এমপি শাহিন মনোনয়ন কিনে আলোচনায় আসেন। মনোনয়ন ক্রয়ের পরই তিনি নেতাকর্মীদের ভোটের মাঠে থাকার ঘোষণা দেন। এর আগে গত বুধবার এ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দলটির উপজেলা শাখার আমির অধ্যক্ষ মুঞ্জুরল হক হাসান। এছাড়াও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ঈশ্বরগঞ্জ আসনে এমপি প্রার্থী ড. আওরঙ্গজেব বেলাল মনোনয়নপত্র কিনেছেন। নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে নির্বাচনই আমেজ বিরাজ করছে। কয়েক মাস ধরে প্রার্থীরা এখানে নির্বাচনই প্রচার চালিয়ে যাচ্ছেন। দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় আছেন প্রার্থীরা। তারা প্রত্যেকে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। যার যার অবস্থান থেকে সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি শাহ্‌ নূরুল কবির শাহিন বলেন, আমি এখনও দলের চূড়ান্ত মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও যদি দল না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত