কাল-পরশু মিত্র রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৩৬টি আসনের বিষয়ে আগামীকাল অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন। জনআকাঙ্ক্ষা পূরণে প্রার্থীদের নির্বাচনী কৌশল ও দায়িত্ব সম্পর্কে শেখানো হচ্ছে।
মেজর হাফিজ উল্লেখ করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং এই কুৎসা রটনা মোকাবিলায় প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে দেখা হচ্ছে না। বরং নির্বাচনের সময় কীভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রার্থীদের একটি তাত্ত্বিক কাঠামো দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত এবং প্রচারণা পরিচালনায় ভিজ্যুয়াল ও নন-ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট ব্যবহারের কৌশল প্রার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
বিএনপির এই নেতা জানান, দলের মিডিয়া সেল চার থেকে পাঁচ মিনিটের ভিডিও রিল তৈরি করেছে এবং এসব কনটেন্ট ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপিকে ‘চাঁদাবাজদের দল’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে দলের একটি গবেষণা দল বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, যেখানে এসব অভিযোগের বড় একটি অংশই মিথ্যা প্রমাণ হয়েছে।
তথ্য ও পরিসংখ্যানভিত্তিক প্রামাণ্য ভিডিও প্রার্থীদের ল্যাপটপ ও পেনড্রাইভের মাধ্যমে সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। মেজর হাফিজ আরও বলেন, বিভিন্ন উদ্যোগের বিষয়বস্তু যেমন উন্নয়ন প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং এগুলো কৃষকদের সামনে উপস্থাপনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মেজর হাফিজ আরও বলেন, একটি নির্বাচনী টিম বিভিন্ন কনটেন্ট প্রচার করছে যাতে জনগণ, বিশেষ করে প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ সহজে বিএনপির নীতিমালা বুঝতে পারে। সবাইকে এসব বিষয়ে ভিডিওর মাধ্যমে অবহিত করা হয়েছে। এসব নির্দেশনা বিএনপি প্রার্থীদের দেওয়া হচ্ছে যাতে সবাই একই বার্তা উপস্থাপন করতে পারে এবং দলের ঐক্য আরও সুদৃঢ় হয়।
মেজর হাফিজ বলেন, বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে দলটি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও বিএনপিকে বেছে নেবে।
