একটি মোবাইল ফোন, নেট অনুশীলন আর ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও পোস্ট—এই সূত্র ধরেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আইপিএলের নিলাম তালিকায় জায়গা করে নিয়েছিলেন তরুণ লেগ স্পিনার ইজাজ সাওয়ারিয়া। শেষ পর্যন্ত কোনো দল তাকে দলে নেয়নি ঠিকই, কিন্তু নিলাম পর্যন্ত পৌঁছানোও তার কাছে কম সাফল্য নয়।
আজমীরের জেলা ক্রিকেটে খেলা ২০ বছর বয়সী ইজাজ এখনো রাজস্থানের হয়ে কোনো বয়সভিত্তিক বা সিনিয়র রাজ্য দলেও খেলেননি। তবু মাত্র ১০ মাস আগে ইনস্টাগ্রামে প্রথম রিল পোস্ট করার পরেই তার নাম উঠে আসে আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায়—যা অনেকের কাছেই বিস্ময়কর। ইজাজ বলেন, ‘আমি শুধু ভাবছিলাম, ভিডিওগুলো পোস্ট করি। ভবিষ্যতে কী হবে, কে জানে। অন্তত চেষ্টা তো করা যায়।’
ইজাজের বাবা ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা। শুরুতে ইজাজ বেশি বেশি ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করতেন। তবে একপর্যায়ে বন্ধুর পরামর্শে নিয়মিত বোলিং ক্লিপ—লেগ স্পিন, ভ্যারিয়েশন আর ছোট ছোট পরীক্ষা-নিরীক্ষা শেয়ার করতে শুরু করেন। ধীরে ধীরে সাড়া আসতে থাকে। তার ভিডিওতে মন্তব্য করেন ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদ। একে একে প্রায় ১৫-২০টি ভিডিওতে রশিদের মন্তব্য ইজাজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার স্পিন তারকা তাবারিজ শামসির নজরেও আসে ইজাকের ভিডিওগুলো। সম্প্রতি ভারতের সাবেক কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের কাছ থেকেও বার্তা পান ইজাজ। এতে তার ক্রিকেট বিষয়ক ভিডিও তৈরির উৎসাহ আরও বেড়ে যায়। ইজাজের কথায়, ‘আদিল রশিদের মতো কেউ যখন মন্তব্য করে, তখন মনে হয়—আমার ভেতরে সত্যিই কিছু আছে। তার আগে মানুষ দেখত ঠিকই, কিন্তু সিরিয়াসলি নিত না।’
সোশ্যাল মিডিয়ার এই প্রভাব একসময় পৌঁছে যায় আইপিএলে। পাঞ্জাব কিংসের তৎকালীন বোলিং কোচ ইজাজের একটি ভিডিও দেখে তার সঙ্গে যোগাযোগ করেন। কিছুদিন পরই ট্রায়ালের ডাক আসে পাঞ্জাব কিংস থেকে। যদিও তার প্রিয় দল চেন্নাই সুপার কিংস তাকে ট্রায়ালে ডাকেনি, তবে কথাবার্তা হয়েছিল। ইজাজ বলেন, ‘পাঞ্জাবের ট্রায়ালে যাওয়াই আমার কাছে বড় ব্যাপার ছিল। চাপ না নিয়ে নিজের মতো বোলিং করেছি। এরপরই আমার নাম নিলামের তালিকায় ওঠে।’
অবশ্য আইপিএলের মিনি নিলামে নাম ওঠার পরও কোনো দল তাকে নেয়নি। তবু হতাশায় ডুবে যাননি এই তরুণ। বর্তমানে জয়পুরের সংস্কার ক্রিকেট একাডেমিতে কোচ সুরেন্দ্র সিং রাঠোরের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ইজাজ। তার ভাষায়, ‘আমি এখনো কোনো রাজ্যের হয়ে খেলিনি। তবু আইপিএল নিলামে নাম ওঠাটাই আমার জন্য অর্জন। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখছি। আমি আবার শুরু করেছি। আবার পরিশ্রম করছি। আবার ভিডিও বানাচ্ছি।’
অজি তারকার বিয়ের খবরে চটেছেন পাঞ্জাব কিংসের মালিক
রোনালদোকে ছাড়াই কি পর্তুগাল ভালো খেলছে?
ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে অ্যাশেজ জয়ের পথে অস্ট্রেলিয়া
বিশ্বকাপে ছেলের অজানা গল্প শোনালেন দিবু মার্তিনেজের বাবা
আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা ফাইনালের দিন-তারিখ ঘোষণা