চার পেনাল্টি ঠেকিয়ে হাত ভেঙেছে পিএসজি গোলকিপারের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েও চোটের শিকার হয়েছেন পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনোভের। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে শুটআউটে চারটি টানা পেনাল্টি ঠেকিয়ে দলকে শিরোপা এনে দেওয়ার সময়ই তার হাতে ফ্র্যাকচার হয়।

নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ২–১ ব্যবধানে জিতে ক্লাবের ইতিহাসে প্রথম বৈশ্বিক শিরোপা নিশ্চিত করে পিএসজি। ম্যাচশেষে সতীর্থদের উদযাপনের মাঝেই সাফোনভকে আকাশে ছোড়া-ধরা হলেও পরে জানা যায়, শুটআউট চলাকালেই তার হাতে চোট লেগেছিল।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘তৃতীয় পেনাল্টি ঠেকানোর সময় তার হাতে আঘাত লেগেছিল। তখনই হয়তো ফ্র্যাকচার হয়। কিন্তু অ্যাড্রেনালিন এতটাই কাজ করছিল যে শেষ দুই পেনাল্টি তিনি ব্যথা অনুভব না করেই ঠেকিয়ে দেন। এই মানসিকতা ও প্রস্তুতিই আমরা খেলোয়াড়দের মধ্যে দেখতে চাই।’

লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে ছিটকে যাওয়ায় রাশিয়ান এই ব্যাকআপ গোলরক্ষক চলতি মৌসুমে পিএসজির প্রথম একাদশে সুযোগ পান। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে সাফোনভ সরাসরি চোটের কথা না বললেও জানান, ‘যেটাই ঘটুক, আমাকে ভাঙা যাবে না।’

ক্লাব সূত্রে জানা গেছে, সাফোনভের অবস্থা তিন থেকে চার সপ্তাহ পর পুনর্মূল্যায়ন করা হবে। চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির জন্য বছরটি স্মরণীয় হলেও লুইস এনরিকের বার্তা স্পষ্, ‘অতীতে নয়, আমরা বর্তমানেই মনোযোগ দিচ্ছি। সামনে কুপ দ্য ফ্রান্সের ম্যাচ। এই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত