দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

দুর্নীতির আরেক মামলায় পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আদালত সূত্র ও ইমরান খানের আইনজীবীরা জানান, রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ১৬ দশমিক ৪ মিলিয়ন রুপি করে জরিমানা করা হয়েছে।

আইনজীবীরা দাবি করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত রায় ঘোষণা করেছে। তবে আদালত জানিয়েছে, বিশ্বাসভঙ্গ ও দুর্নীতিবিরোধী আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

এদিকে আদালত জানিয়েছেন, বিশ্বাসভঙ্গের অভিযোগে পাকিস্তানের দণ্ডবিধির অধীনে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতিবিরোধী আইনের অধীনে আরও সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, পাশাপাশি প্রত্যেককে ১ কোটি ৬৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এই মামলার অভিযোগ অনুযায়ী, সৌদি আরব সফরের সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে পাওয়া মূল্যবান ঘড়ি ও উপহার রাষ্ট্রীয় নিয়ম ভেঙে কম দামে কিনেছিলেন ইমরান খান ও তার স্ত্রী।

ইমরান খান সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দল পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন এবং ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দায়ের করা কয়েক ডজন মামলা রয়েছে। যার মধ্যে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবিরোধী এবং রাষ্ট্রীয় গোপনীয়তার অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত