লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ পাওয়া যায়নি যায়নি বলে জানিয়েছে জেলা পুলিশ।
শনিবার রাতে পুলিশ সদর দপ্তর ক্ষুদে বার্তায় এই তথ্য জানায়।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বিএনপি নেতার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের মধ্যে বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আগুন লাগার সময় বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ঘটনার রাতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
