ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা চলাকালে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আল-সাদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে আল-সাদকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আল-সাদ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গত ৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে বহিরাগত আল-সাদ ১৪৪ ধারা অমান্য করে স্ত্রীর সীট দেখার জন্য জোরপূর্বক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত শিক্ষক-কর্মচারীরা তাকে কেন্দ্রে ঢুকতে বাঁধা দেন।
এ ঘটনার প্রায় ১৫ মিনিট পর আল-সাদ তার এক সহযোগীসহ দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনার পরেরদিন গত ১০ ডিসেম্বর কলেজের কর্মচারী নাজমুল হোসেন প্রকাশ্যে দেশীয় অস্ত্রের প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় সন্ত্রাস দমন আইনে আল-সাদকে (৩০) প্রধান আসামি করে দুইজনের নামে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। মামলার পর আসামিদেরকে গ্রেপ্তারের জন্য র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পে একটি অধিযাচন পত্র পাঠায় পুলিশ। তারপর থেকে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেন। গত শনিবার র্যাব-৬ খুলনা মহানগরের সদর থানার ময়লাপোতা এলাকা থেকে আল-সাদকে গ্রেপ্তার করেন। পরে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। ওই মামলার অপর আসামি সাদী খান পলাতক রয়েছেন।
র্যাপিড এ্যাকশন বাটালিয়ন (র্যাব-১০) এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে খুলনা মহানগরীর সদর থানার ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে আল-সাদকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় রাতেই হস্তান্তর করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসানাত জানান, প্রকাশ্যে দেশীয় অস্ত্রের প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় সন্ত্রাস দমন আইনে থানায় মামলা হয়। মামলার পর আসামিদেরকে গ্রেপ্তারে র্যাব-১০-এ একটি অধিযাচন পত্র দেওয়ার পর শনিবার রাতে আসামি আল-সাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার আসামি আল-সাদকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাবিতে আওয়ামীপন্থি ৩ ডিনের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা
অবৈধভাবে ইতালি গমনকালে ভূমধ্যসাগরে ট্রলারডুবি