সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গুপিয়াখালি গ্রামে গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ বর পক্ষ কনে পক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাট চালিয়ে বিয়ে ভেঙ্গে দিয়ে চলে গেছে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বর ও বরযাত্রীদের কাণ্ডের ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে কনে পক্ষের লোকজন জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার (১৯ নভেম্বর) বিয়ে করতে আসে। এ সময় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ভাংচুর এবং লুটপাট চালিয়ে চলে যায়।
কনের স্বজনরা আরও জানান, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে প্রায় ২০০ মানুষের খাওয়ার জন্য পাঁচ মন দুধের দই, ১ লাখ টাকা দামের গরু জবাই করে আয়োজন করা হলেও তুচ্ছ ঘটনায় বর পক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাংচুর চালায়। দাওয়াতে আসা স্বজনদের থেকে উপহার পাওয়া সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
এদিকে এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ করে হামলা ভাংচুর লুটপাটের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা শাহজাদপুরকে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে তুলনা করে কটাক্ষ করতেও ছাড়ছে না।
বজ্রপাতের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা জোরদারের আহ্বান বিএমডির