ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কটা, বিদ্রুপ ও উল্লাস প্রদর্শন করে ফেসবুকে পোস্ট করায় মনমোহন রায় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ
রবিবার সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী মনমোহন রায় পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের শিফট-১, গ্রুপ- এ ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী। মনমোহন রায় বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে।
অফিস আদেশে বলা হয়, রবিবার অত্র প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষর্থীদের অভিযোগে এবং ফেসবুকের প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে শরিফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতকে কেন্দ্র করে কটা, বিদ্রুপ ও উল্লাস প্রদর্শন করে এবং ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির সুপারিশ এবং একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিল এর সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট প্রমাণকের ভিত্তিতে তার বিরুদ্ধে আনীত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটি সত্য বলে প্রমাণিত হয়।
অত্র প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধি মোতাবেক তার এই কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়, যা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমুর্তি ক্ষুণ্ন করে। অতএব, প্রতিষ্ঠানের একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে অত্র প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হলো।
এদিকে ফেসবুকে পোস্টের ঘটনায় পলিটেকনিকের অন্যান্য শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে। রবিবার দুপুরে কয়েক শ শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ করে স্থায়ীভাবে বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানায়।
