নথিবিহীন অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে সম্প্রতি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে সৌদি আরব। সে পরিকল্পনার অংশ হিসেবে দেশটির বিভিন্ন শহরে গত এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গত ১১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে অভিযান চালিয়েছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদির আবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে সৌদি দৈনিক ওকাজ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ১৯০ জনকে সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় নথি না থাকা, ৩ হাজার ৮০১ জনকে সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ এবং ২ হাজার ৮৮৯ জনকে শ্রম আইনভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৫ জন নাগরিককেও গ্রেপ্তার করেছে সৌদি কর্র্তৃপক্ষ। এই একই সময়সীমায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কাছে ধরা পড়েছে ১ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনো নাগরিক কিংবা সৌদিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অবৈধ বা নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ প্রবেশ, যাতায়াতে সহায়তা ও চাকরি প্রদান কিংবা চাকরি পেতে সহযোগিতার অভিযোগ পাওয়া যায়, তাহলে সৌদির আইন অনুসারে ওই নাগরিক কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিকে ১৫ বছর কারাবাসের সাজার পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা হিসেবে দিতে হবে। প্রসঙ্গত, সৌদি আরবে প্রায় সাড়ে তিন কোটি অভিবাসী বিভিন্ন সেক্টরে কাজ করেন।
ভেনেজুয়েলার আরেকটি তেলবাহী জাহাজের পিছু নিল যুক্তরাষ্ট্র