বেনজীরের ৪ ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং তার স্ত্রী-কন্যার নামে নিবন্ধিত চারটি ফ্ল্যাটে রক্ষিত যেসব মালামাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেসব প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদালতের আদেশে দুদক ঢাকার গুলশান-১ এলাকার র‍্যাংকন আইকন টাওয়ারে বেনজীর পরিবারের নামে থাকা ১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি ফ্ল্যাট বাজেয়াপ্ত করে। এসব ফ্ল্যাটে সংরক্ষিত পচনশীল মালামাল, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের বিভিন্ন সামগ্রী হস্তান্তরের নির্দেশ দেয় আদালত।

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে বলা হয়, নিলামযোগ্য মালামালের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দিতে হবে। এসব মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

বেনজীর আহমেদ বাংলাদেশের প্রথম পুলিশ প্রধান, যিনি একাধারে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট র‌্যাবেরও প্রধান ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত