জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করে এক লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঘুষসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ছিল। আজ অভিযানে এক লাখ টাকা ঘুষসহ ওই সার্ভেয়ারকে আটক করা হয়েছে।
দুদক জানায়, অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে অভিযোগকারী বিষয়টি দুদককে অবহিত করেন এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল আজ পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানায়, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।