পাক সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুল  আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস’ পদকে ভূষিত করেছে সৌদি আরব।

সৌদি রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি-পাকিস্তান কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, রবিবার রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ফিল্ড মার্শাল মুনির। আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ নানা ইস্যুতে আলোচনা হয় এ বৈঠকে।

বৈঠক শেষে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনী প্রধানকে সম্মাননা পদক তুলে দেন। প্রিন্স খালিদ তার দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান এবং অব্যাহত সাফল্য কামনা করেন।

এসময় উভয় পক্ষ ঐতিহাসিক সৌদি-পাকিস্তান সম্পর্ক ও প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা পর্যালোচনা করে। আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার প্রচেষ্টা ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও তারা আলোচনা করেন।

আইএসপিআর আরও জানায়, ফিল্ড মার্শাল মুনিরের এ সফর দুই দেশের গভীর, ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করেছে। এ সম্মাননার মাধ্যমে তার দীর্ঘ সামরিক সেবা, নেতৃত্ব এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে স্বীকৃতি দিয়েছে সৌদি আরব।

পাক সেনাপ্রধান এ সম্মাননার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য ভাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত