‘সন্ত্রাসী’ সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না আরেক মামলায় শ্যোন এরেস্ট

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে আরও একটি খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন। 

বিষয়টি সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নগরের বাকলিয়া এলাকার একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র নিজাম উদ্দিন গত বছরের ৫ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন। 

এ ঘটনায় তার বাবা সাহাব উদ্দিনের দায়ের করা মামলার তদন্তে পুলিশ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী জড়িত থাকার তথ্য পায়। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সুত্র জানায়, সাজ্জাদ রাজশাহী কারাগারে আর তামান্না রয়েছেন ফেনী কারাগারে। তাঁদের চট্টগ্রাম আদালতে নিরাপত্তার কারণে হাজির করা হয়নি। ভার্চ্যুয়ালি শুনানি শেষে আদালত খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার দেখান।

আদালত সূত্র জানায়, সাজ্জাদ ও তার স্ত্রীর খুনের সাত মামলায় জামিন পান গত বছরের সেপ্টেম্বরে। গত সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা আসার পর বিষয়টি জানাজানি হয়। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের জন্য আবেদন করেন। জামিন হওয়া সাতটি খুনের মামলার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল।  বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়। পরে উচ্চ আদালত ওই সাতটি মামলায় জামিন স্থগিত করেন। 

পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯ মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা উল্লেখ করে তামান্নার একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত