প্রায় ১৫ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘কাশিওয়াজাকি-কারিওয়া’ পুনরায় চালুর পথে এগোচ্ছে জাপান। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি মাসে কেন্দ্রটির একটি চুল্লি সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।
২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর জনমত ও নিরাপত্তা উদ্বেগের কারণে জাপানের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কার্যত বন্ধ হয়ে যায়। সে সময় দেশের ৫৪টি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে কিছু কেন্দ্র পুনরায় চালু হলেও কাশিওয়াজাকি-কারিওয়া এতদিন বন্ধই ছিল।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিগাতা প্রিফেকচারের বিধানসভায় গভর্নর হিদেও হানাজুমির প্রতি আস্থা ভোট পাস হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক অনুমোদন মিলেছে। গভর্নর গত মাসেই কেন্দ্রটি চালুর পক্ষে অবস্থান নেন।
বর্তমানে জাপানে মোট ৩৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১৪টি পুনরায় চালু করা হয়েছে। তবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) পরিচালিত কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই কোম্পানিই ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করত।
