কুমিল্লায় দুই অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা, ৮ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

কুমিল্লার দেবীদ্বারে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়। এ সময় আইনটির বিভিন্ন ধারায় ভাটামালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—কালিকাপুর গ্রামের মেসার্স এম এম ব্রিকসকে ৫ লাখ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের ঢালকরপাড়া গ্রামের মেসার্স সনি ব্রিকসকে ৩ লাখ টাকা। পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয় এবং কিলন (চুল্লি) ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও দেবীদ্বার থানা পুলিশ।

এসময় পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশের ক্ষতি রোধ এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত