ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত বাস থামিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ও একটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপর এই ঘটনা ঘটে।
জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের স্বর্ণ ব্যবসায়ী লিটন পাল (৪০) ঢাকায় স্বর্ণ বিক্রি করে বিকেল ৩টার দিকে গুলিস্থান থেকে প্রচেষ্টা পরিবহনের বাসে উঠে পাচ্চরের দিকে রওনা দেয়। বাসটি সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপরে পৌঁছলে একটি মাইক্রোবাস সামনে থেকে ব্যারিকেট দেয়।
এ সময় ৪-৫ জন ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে জানায়, লিটন পাল মামলার আসামি। তারা লিটন পালকে মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে স্বর্ণ বিক্রির ৯ লাখ ৫২ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন সেট কেড়ে নেয়।
পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাত দলের সদস্যরা তাকে পদ্মা সেতুর উত্তর থানার কুমারভোগ এলাকায় রাস্তার পাশে নামিয়ে দেয়। পরে তিনি শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
