বিএনপিতে যোগ দিলেন রেদোয়ান, ফরিদুজ্জামান ও ববি হাজ্জাজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ,  এ সময় তিনি কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

এ ছাড়া নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এ সময় ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ ও ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে বিএনপির প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন নেতার বিএনপিতে যোগ দেয়ার তথ্য জানান।

এর আগে, দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। একই পথে হাঁটেন যুগপৎ আন্দোলনের শরিক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা-ও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত