একের পর এক টুর্নামেন্টে ব্যাটারদের চরম ব্যর্থতা ও ধারাবাহিকভাবে খেই হারিয়ে ফেলায় বড় সিদ্ধান্তের পথে দলের নীতিনির্ধারকরা। যার জেরে এবার পদ হারাতে চলেছেন বাংলাদেশ নারী জাতীয় দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে বিসিবির ভেতরের গুঞ্জন বলছে, খুব দ্রুতই আসছে বড় রদবদল।
কিছুদিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪০ রানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর আজ এশিয়ান গেমসের সেমিতেও সেই ভারতের কাছেই ১১৪ রানের বড় ব্যবধানে লজ্জাজনক হার দেখতে হয়েছে বাংলাদেশকে। টানা দুই বড় টুর্নামেন্টের সেমিফাইনালে একই প্রতিপক্ষের কাছে এমন ব্যাটিং বিপর্যয়ের পর কোচিং স্টাফে পরিবর্তন আনার গুঞ্জন জোরালো রূপ নেয়।
বিসিবির নারী বিভাগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধান কোচ সরোয়ার ইমরানের সঙ্গে ব্যাটিং কোচ পরিবর্তনের ভাবনাটি অনেক দিন ধরেই বোর্ডের টেবিলে ছিল। তবে ফারুককে সরাসরি চাকরিচ্যুত করা হচ্ছে না, বরং বোর্ডের অন্য কোনো দায়িত্বে তাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
বিষয়টি নিয়ে দেশ রূপান্তরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এখন বোর্ড মিটিংয়ে আছে। চূড়ান্ত কিছু হলে জানাব।’
তবে বিসিবির নারী বিভাগের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, দলের ব্যাটিং কোচ পরিবর্তনের বিষয়টি চূড়ান্তের পথে। তিনি আরও জানিয়েছেন, ‘প্রধান কোচ সরোয়ার ইমরানের সঙ্গে ব্যাটিং কোচও পরিবর্তনের ভাবনা অনেকদিনের। তবে ফারুককে আমরা চাকরিচ্যুত করছি না। এখান থেকে অন্য কোনো দায়িত্বে দেওয়া হতে পারে।’
মেসির বিদায়ী ম্যাচের সর্বনিম্ন টিকিটও কোটি টাকার বেশি