শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে চড়ে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরআগে বিমানবন্দর থেকে ভিভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত অভ্যর্থনার পর তিনি পূর্বাচলের গণসংবর্ধনা সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের উচ্চপর্যায়ের নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসাভবনের দিকে রওনা দেন।
ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তারেক রহমান জুতা খুলে শিশিরভেজা ঘাসে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন।
এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে তিনি পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) নির্ধারিত গণসংবর্ধনা স্থলের দিকে যাত্রা শুরু করেন। পথে পথে হাজারো সমর্থক ও নেতাকর্মী তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে জমায়েত হন। বাসের দরজার পাশে দাঁড়িয়ে তিনি হাসিমুখে হাত নাড়িয়ে উপস্থিতদের অভিবাদন গ্রহণ করেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত হচ্ছে। কুড়িল মোড়সংলগ্ন এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
