জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, দাবি আবদুল কাদেরের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

আবদুল কাদের বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। এ নিয়ে এনসিপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আবদুল কাদের লিখেছেন, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতা–কর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

আবদুল কাদের দাবি করছেন, জামায়াতের কাছে এনসিপি ৫০টি আসন চেয়েছিল, দর–কষাকষির পর ৩০ আসনে রফা হয়েছে। এই শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না।

আবদুল কাদের আরও দাবি করেন, নির্বাচনে জিতলে নাহিদ প্রধানমন্ত্রী হবেন, আর জিততে না পারলে বিরোধীদলীয় নেতা হবেন—এমন আলোচনাও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত