ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ের প্রভাবে একাধিক এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় এক লাখ মানুষ। খবর: বিসিবি
আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ঝড়ো পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সে কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে বাড়তি সতর্কতা জারি রয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্যে জানা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি এলাকায় একদিনেই প্রায় ১১ ইঞ্চি বা ২৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়। এতে করে বহু এলাকা পানিতে তলিয়ে যায়, বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বাড়তে থাকা পানির কারণে বিভিন্ন সড়কে যানবাহন আটকে পড়লে যাত্রীদের উদ্ধারে একাধিক জরুরি অভিযান চালাতে হয়।
পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সামনে আরও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে এবং ছোট-বড় নদী ও খালগুলোতে পানির উচ্চতা বাড়তে পারে।
দুর্যোগের মধ্যে বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সান ডিয়েগোতে ঝড়ের সময় একটি গাছ ভেঙে পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির ভেতরে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধারের সময় ৭৪ বছর বয়সী আরেকজন প্রাণ হারান। এছাড়া মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে বড় ঢেউয়ের আঘাতে পাথর থেকে সাগরে পড়ে সত্তরোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়।
এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির কিছু এলাকায় সতর্কতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সান ফ্রান্সিসকো বে এলাকাতেও ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা কার্যকর রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা গেছে, বে এলাকার একটি পর্যবেক্ষণকেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইলের বেশি রেকর্ড করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির মৌসুমে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
