গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের ধ্বংসস্তূপ থেকে ২৫ জন ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্স এর অভিযানের মাধ্যমে এ উদ্ধার কাজ চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী সাংবাদিকও রয়েছেন।
ফিলিস্তিনের সাফা সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানিয়েছে, ফরেনসিক দলের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন সাংবাদিক হিবা আল-আবাদলে এবং তার মা। তারা ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি হামলায় নিহত হন। পরে তাদের মৃতদেহ সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে উদ্ধারকাজে শুধুমাত্র সাধারণ ও প্রাথমিক সরঞ্জাম এবং কিছু জীর্ণ ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল এখনও ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আনতে অস্বীকার করছে, যা অক্টোবরে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতির পরও মৃতদেহ উদ্ধারকে কঠিন করে তুলেছে। এছাড়াও বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামের অভাবে প্যালেস্তিনিয়ান পরিবারগুলো প্রিয়জনদের সনাক্ত করার জন্য মৃতদেহের অবশিষ্ট স্বতন্ত্র চিহ্ন বা কাপড়ের উপর নির্ভর করছে।
জাতীয় নিখোঁজ কমিটির তথ্য অনুযায়ী, গাজায় এখনও ১০,০০০-এর বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। কমিটি এই অঞ্চলকে 'বিশ্বের বৃহত্তম গণকবর' হিসেবে উল্লেখ করেছে। যুদ্ধের পর থেকে ইসরায়েল বারবার সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৭১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
