ফুলপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোলচত্বর হালুয়াঘাট সড়কের বঙ্গবন্ধু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে একটি ইলেকট্রনিকস মালামালের গোডাউনসহ মোট পাঁচটি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অঅগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ইলেকট্রনিকস দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমানের নেতৃত্বে দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়। পরে প্রায় এক কিলোমিটার দূরে সাহেব বাড়ি মসজিদের বিপরীতে বাইতুল কুরআন মাদরাসা সংলগ্ন একটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সকালে গোলচত্বর মোড়ে দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় কাজে বেগ পেতে হয়। আগুনে ইলেকট্রনিকস দোকানসহ মোবাইল ও অন্যান্য বিভিন্ন পণ্যের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত