ইসরায়েলি বাহিনী শনিবার (২৭ ডিসেম্বর) অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম কাবাতিয়ায় লকডাউন জারি করেছে। এর আগের দিন শুক্রবার ওই গ্রামের এক বাসিন্দার হাতে দুইজন নিহত হওয়ার পর সেখানে টানা দ্বিতীয় দিনের মতো সামরিক অভিযান চালানো হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, কাবাতিয়ায় কথিত 'সন্ত্রাসী ঘাঁটি'র বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী কঠোর অভিযান চালাচ্ছে এবং পুরো গ্রাম ঘিরে ফেলা হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে আপসহীন অভিযান চালিয়ে যাওয়ার নীতির কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ার বাসিন্দারা জানান, পুরো গ্রামকে সমষ্টিগত শাস্তির আওতায় আনা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, চলাচল সীমিত করা হয়েছে, বাড়ি বাড়ি তল্লাশি, জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী একটি স্কুল দখল করে সেটিকে আটক ও জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের ভেতরে অন্তত আটত্রিশজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন বিদেশি। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হামলা বা ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত চুয়াল্লিশজন ইসরায়েলি, সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
