ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পটুয়াখালীর দুইটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালী-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের আগে পটুয়াখালী-১ ও ৪ আসনের বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কলাপাড়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে নির্বাচনী গতিকে আরও ত্বরান্বিত করেছেন। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত থাকলেও দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
