জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। আজ রবিবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ফেনী-৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। আমি আজ আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একইসঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনও ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলার সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক জানান, বিষয়টি আমি অবগত নই। তা ছাড়া আমরা তার লিখিত কোনো পদত্যাগপত্র এখন পর্যন্ত হাতে পাইনি।
