সাবেক ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগ তারকা স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল একটি আইনি মামলায় অভিযুক্ত হয়ে আদালতে হাজির হতে যাচ্ছেন। পারিবারিক নিরাপত্তা সংক্রান্ত আদালতের নির্দেশ ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
৩৬ বছর বয়সী ক্যারল বর্তমানে ন্যাশনাল লিগ সাউথের ক্লাব ড্যাগেনহ্যাম অ্যান্ড রেডব্রিজের হয়ে খেলছেন। চলতি মৌসুমে তিনি এই ক্লাবের হয়ে বারোটি ম্যাচে অংশ নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, গত বছরের মার্চ মাসে সংঘটিত একটি ঘটনার প্রেক্ষিতে এপ্রিল মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, '৩৬ বছর বয়সী একজন ব্যক্তির বিরুদ্ধে নন মোলেস্টেশন অর্ডার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তিনি এপিং এলাকার বাসিন্দা অ্যান্ড্রু ক্যারল। গত ২৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগটি মার্চ মাসের একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। তিনি ৩০ ডিসেম্বর চেলমসফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন।।'
নন মোলেস্টেশন অর্ডার সাধারণত আদালত থেকে জারি করা একটি নিষেধাজ্ঞা, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা কোনো নির্দিষ্ট স্থান বা কর্মস্থলের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ করা হয়। আইন অনুযায়ী, এই আদেশ ভঙ্গের শাস্তি জরিমানা থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
উল্লেখ্য, অ্যান্ডি ক্যারল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালে তিনি তৎকালীন রেকর্ড অঙ্কের অর্থে লিভারপুলে যোগ দেন এবং এর আগে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। মাঠের বাইরে এই আইনি জটিলতা এখন তার ক্যারিয়ারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
