সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিক্ষোভের সময় সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

সিরিয়ার পশ্চিমাঞ্চলে আলাউইত জনগোষ্ঠীর বিক্ষোভ চলাকালীন অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার (২৮ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

বিক্ষোভের সূত্রপাত হয়েছে গত শুক্রবার হোমস প্রদেশের একটি মসজিদে সংঘটিত বোমা হামলার প্রতিবাদে। ওই হামলায় আটজন নিহত হয়েছিলেন। রবিবার পশ্চিম উপকূল এবং মধ্য সিরিয়ার বিভিন্ন প্রদেশে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। আলাউইত সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা গাজাল গাজাল বিক্ষোভের ডাকে সমর্থন দেন।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লাতাকিয়া প্রদেশে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে দুজন নিহত হন। পরে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা লাতাকিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানায়, শহরে বিক্ষোভ চলাকালীন ‘সাবেক সরকারের অবশিষ্ট অংশের হামলায়’ তিনজন নিহত এবং ৬০ জন আহত হন।

আঞ্চলিক সংবাদদাতাদের প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও উপকূলীয় শহর জাবলেহে বিক্ষোভকারী এবং নতুন ইসলামপন্থী সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং আকাশে ফাঁকা গুলি ছোড়ে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাতাকিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ আল-আহমাদ বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাতনামা স্থান থেকে সরাসরি গুলি চালানো হয়েছে। এতে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হয়েছেন।’

পরবর্তীকালে সরকারপন্থী সমর্থকদের ছত্রভঙ্গ করতেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুযায়ী, হোমস প্রদেশেও সহিংসতা ছড়িয়েছে এবং সেখানে কয়েকজন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত