অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) মাহফুজ আলমের পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উল্লেখ্য, এই আসন থেকেই তার বড় ভাই কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরও মনোনয়নপত্র কিনেছেন। মাহফুজ আলম এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও শেষ পর্যন্ত নিজ এলাকা থেকেই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
যদিও এ ঘটনায় তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে জানা গেছে। মাহফুজ আলম নির্বাচন করবেন না এবং তার নামে নেওয়া মনোনয়নপত্রও জমা দেওয়া হবে না।
তার ভাই মাহবুব আলম বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এতে তার কোনো সম্মতি ছিল না। এ ঘটনায় মাহফুজ আলম বিব্রত হয়েছেন। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না। ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে তিনি নিজেই নির্বাচনে অংশ নেবেন বলে জানান মাহবুব আলম।
একই আসনে বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের সময় শেষ হচ্ছে আজ সোমবার (২৯ ডিসেম্বর)। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
