ফেনী-২ আসনে মনোনয়ন জমা দিলেন এবি পার্টির মঞ্জু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-২ (সদর) আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমা দেয়ার আগে তিনি নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন। এছাড়া শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বাড়ি থেকে রওয়ানা হয়ে দল ও জোট নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান মঞ্জু।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্বাচনি আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন-এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি ও সাংবাদিক হাবীব মিয়াজি।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদীসহ সকল হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড, তাদের সাথে আসন সমঝোতা হয়েছে।

ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করব। উল্লেখ্য, আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর দাবিও জানান মঞ্জু।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবি পার্টির চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত