ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তার পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জেলার গজারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসার একেএম গিয়াস উদ্দিন, মাসুদ ফারুক, বিএনপির নেতা দেওয়ান হারুন-অর রশিদ, জেলা কৃষকদলের আহবায়ক ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে নেতাকর্মীরা জানান, কামরুজ্জামান রতন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁকে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হলো বলে মনে করছেন তারা।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সদর ও গজারিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই নির্বাচনী কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম শুরু করা হবে।
