ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় হায়েস গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম হাসেম (৭৫)। তিনি উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। এ সময় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, দুর্ঘটনাকারী হায়েস গাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
