আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন, বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাগণের কার্যালয়ে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসন থেকে নির্বাচনের জন্য মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শেষ দিন পর্যন্ত মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। সোমবার সকাল থেকেই প্রার্থীরা তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এ দিকে, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল। এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে তোফায়েল আহমেদ খান তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-২ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসির উদ্দীন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাভেল। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে শিশির মনিরও এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ-৩ হেভিওয়েট এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী শাখার আমীর এডভোকেট ইয়াসিন খান এবং এবি পার্টির প্রার্থী হিসেবে সৈয়দ তালহা আলম তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ-৪ জেলা সদরের এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম। এই আসনে বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও মনোনয়ন দাখিল করেছেন বিএনপি নেতা আবিদুল হক আবিদ।
সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী এখন এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। তিনি আরও বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
