অবৈধ নিয়োগের অভিযোগে কুবি শিক্ষক সাময়িক বহিষ্কার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

অবৈধ উপায়ে চাকরি নেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ২৯ জানুয়ারি আবু ওবায়দা রাহিদ মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। তবে নিয়োগের সময় তিনি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করলেও তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈনের সময় তাকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭০ থাকা বাধ্যতামূলক। কিন্তু রাহিদের স্নাতক ও স্নাতকোত্তরের ফল ছিল যথাক্রমে ৩ দশমিক ৫৬ এবং ৩ দশমিক ৫৪, যা নির্ধারিত মানদ-ের নিচে।

অভিযোগ রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় তৎকালীন উপাচার্য অননুমোদিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি নতুন শর্ত সংযোজন করেন। সেখানে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ফলাফলের যোগ্যতায় শিথিলতার সুযোগ রাখা হয়, যা সে সময় বিশ্ববিদ্যালয়ের কোনো বিধিমালায় অনুমোদিত ছিল না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ওনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা এখনই কিছু বলতে পারছি না। সবকিছু লিখিত আকারে এলে তখনই মন্তব্য করা সম্ভব হবে।’

তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও কেন সাময়িক বহিষ্কার করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমরা ২০১৮ সালের আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করছি। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর ২০১৮ সালের আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত