ভারতীয় ক্রিকেটারকে দেওয়া ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন নিলামে উঠছে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

ক্রিকেট ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরিহিত একটি ব্যাগি গ্রিন ক্যাপ—নিলামে উঠতে যাচ্ছে। ‘অস্ট্রেলিয়া ডে’ উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি ক্যাপটি নিলামে তোলা হবে। নিলামকারী প্রতিষ্ঠান লয়েডস অকশনস জানিয়েছে, বিডিং শুরুর মূল্য রাখা হয়েছে মাত্র ১ ডলার!

ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিনটি পরেছিলেন ১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। পরে তিনি এটি উপহার দেন ভারতীয় টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে। গত ৭৫ বছরেরও বেশি সময় ধরে ক্যাপটি সোহোনি পরিবারের কাছেই ছিল—এর আগে কখনো জনসমক্ষে প্রদর্শিত বা বিক্রির জন্য তোলা হয়নি।

এই নিলামে আন্তর্জাতিক সংগ্রাহক, জাদুঘর কর্তৃপক্ষ ও ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ প্রত্যাশা করা হচ্ছে। লয়েডস অকশনসের মুখপাত্র লি হেমস বলেন, ‘ব্র্যাডম্যান নিজে যে স্মারকটি উপহার দিয়েছিলেন এবং যা দীর্ঘদিন একই পরিবারের কাছে সংরক্ষিত—এমন নিদর্শন অত্যন্ত বিরল ও ঐতিহাসিক।’

ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেটে ৫২ ম্যাচে ২৯টি সেঞ্চুরি করেছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি ক্যারিয়ার শেষ করেন অবিশ্বাস্য ৯৯.৯৪ ব্যাটিং গড়ে! এখন পর্যন্ত এই রেকর্ডের ধারেকাছেও কেউ যেতে পারেননি। এই ব্যাটিং গড়কে ক্রীড়াজগতের সর্বশ্রেষ্ঠ পরিসংখ্যানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, ১৯২৮ সালে ব্র্যাডম্যানের অভিষেক মৌসুমের প্রথম ব্যাগি গ্রিনটি ২০২০ সালে ৪৫০,০০০ ডলারে বিক্রি হয়েছিল। তবে ব্যাগি গ্রিনের সর্বোচ্চ মূল্যের রেকর্ডটি আরেক অজি কিংবদন্তি শেন ওয়ার্নের। তাঁর ক্যাপটি ২০১৯–২০ সালের বুশফায়ার ত্রাণে ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়। ২০২২ সালে মাত্র ৫২ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করা লেগস্পিন কিংবদন্তি ওয়ার্ন সারাজীবন একটি ক্যাপই ব্যবহার করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত