অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে ব্যবহৃত ঐতিহাসিক ব্যাগি গ্রিন ক্যাপ কিনে নিয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব অস্ট্রেলিয়া। টুপিটির দাম পড়েছে ৪৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা)। ফেডারেল সরকার এই মূল্যর অর্ধেক অংশ প্রদান করেছে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এই দুর্লভ স্মারক সংরক্ষণ করা যায়।
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের শিল্পকলার বিশেষ দূত সুসান টেম্পলম্যান বলেছেন, ‘এই বিশেষ অ্যাশেজ সিরিজটি ছিল আমাদের দৃঢ়তার একটি চিহ্ন। অস্ট্রেলিয়ানরা যে ট্রফিকে মূল্যবান মনে করে এবং ভালোবাসে, সেটা তিনি ফিরিয়ে আনতে পেরেছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং লড়াই করেছিলেন। যুদ্ধ শেষে তিনি অসুস্থতায় ভূগছিলেন। ব্র্যাডম্যানের এই প্রাণশক্তির গল্পটি এমন কিছু যা অস্ট্রেলিয়ান চরিত্রের সাথে কথা বলে।’
ব্র্যাডম্যানের অধিনায়কত্বে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এই ক্যাপটি ব্র্যাডম্যান তখনকার দলের উইকেটরক্ষক রন স্যাগারসকে উপহার দিয়েছিলেন। পরে স্যাগারস এটিকে ব্যক্তিগত সংগ্রহে রাখেন। এবার এই টুপি কেনার অর্ধেক খরচ বহন করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। জাদুঘরের কিউরেটর মার্থা সিয়ার জানান, ‘টুপিটি হাতে নেওয়ার সময় মনে হচ্ছিল, এটি কেবল কাপড় নয়—এর ভাঁজে ভাঁজে আছে ইতিহাস, ঘাম, মাঠের রোদে পুড়ে যাওয়া স্মৃতি।’
এই ব্যাগি গ্রিন ক্যাপের সঙ্গে এখন ন্যাশনাল মিউজিয়াম অব অস্ট্রেলিয়র ল্যান্ডমার্ক গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ব্র্যাডম্যানের অটোগ্রাফযুক্ত ব্যাট (১৯৩৪ অ্যাশেজ সিরিজ) এবং ঐতিহাসিক সেই বল, যা দিয়ে অ্যাবরিজিন ক্রিকেটার এডি গিলবার্ট ১৯৩১ সালে ব্র্যাডম্যানকে প্রথম বলেই আউট করেছিলেন। জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমোহন বলেন, ‘ব্যাগি গ্রিন কেবল খেলার প্রতীক নয়—এটি দলের, জাতির, আর একতা ও আত্মত্যাগের প্রতীক।’
ফের চাকরি হারালেন হোসে মরিনহো
রোকুজ্জোর মুঠোফোনের ওয়ালপেপার দেখে আবেগে ভাসলেন ভক্তরা
তারকা অল-রাউন্ডারকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার