ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো ৩ কোটি ৮৮ লাখে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

ক্রিকেট ইতিহাসের অমূল্য এক স্মারক আবারও আলোচনায়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলীয় ডলারে। বাংলাদেশি মুদ্রায় ৭৫ বছর আড়ালে থাকা এই ব্যাগি গ্রিনের মূল্য প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ ৫১ হাজার টাকার মতো।

কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে লয়েডস অকশনস আয়োজিত এই নিলামে এক অজ্ঞাতনামা সংগ্রাহক ক্যাপটি কিনে নেন। এটি সেই ব্যাগি গ্রিন, যা ব্র্যাডম্যান পরেছিলেন ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের স্বাধীনতার পর প্রথম অস্ট্রেলিয়া সফরে, যা ছিল তার ক্যারিয়ারের শেষ হোম সিরিজ।

সিরিজ শেষে ব্র্যাডম্যান ক্যাপটি উপহার দেন ভারতীয় ওপেনিং বোলার রাঙ্গা সোহনিকে। এরপর প্রায় ৭৫ বছর ধরে তিন প্রজন্ম ধরে সোহনি পরিবারের কাছেই ছিল এই ঐতিহাসিক স্মারক, যা কখনোই প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি। নিলাম সংস্থার প্রধান পরিচালক কর্মকর্তা লি হেমস একে ক্রিকেট ইতিহাসের ‘হলি গ্রেইল’ (আর্থারিয়ান কিংবদন্তির একটি পৌরাণিক এবং অত্যন্ত সম্মানিত পাত্র) হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, ‘এই ক্যাপটি ৭৫ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। পরিবারের সদস্যরাও ১৬ বছর বয়স না হলে মাত্র পাঁচ মিনিটের জন্য এটি দেখার অনুমতি পেতেন।’

যদিও রাঙ্গা সোহনি ভারতের হয়ে ওই সিরিজে মাত্র একটি টেস্ট খেলেন এবং কোনো উইকেট পাননি, তবুও ইতিহাসে তার নাম লেখা আছে—কারণ তিনিই স্বাধীন ভারতের হয়ে প্রথম টেস্টের প্রথম বলটি করেছিলেন। ক্যাপটির ভেতরে D.G. Bradman ও S.W. Sohoni নাম খোদাই করা রয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রতীকের নিচে সূচিকর্মে লেখা আছে ১৯৪৭-৪৮। এটি ব্র্যাডম্যানের ব্যবহৃত মোট ১১টি পরিচিত ব্যাগি গ্রিনের একটি।

সেই সময় প্রতিটি সিরিজে আলাদা ক্যাপ ব্যবহার করতেন ক্রিকেটাররা। উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে ব্র্যাডম্যানের ১৯২৮ সালের অভিষেক ম্যাচের ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল ৪ লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ডলারে। তবে ব্যাগি গ্রিন নিলামের সর্বোচ্চ মূল্য এখনও শেন ওয়ার্নের ক্যাপের দখলে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার দাবানল ত্রাণ তহবিলের জন্য ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলারে বিক্রি হয়েছিল লেগ স্পিন কিংবদন্তির টুপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত