মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার আরুয়া ও শিমুলিয়া ইউনিয়নে মোট ৩৩৭ জন দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
জানা গেছে, প্রচণ্ড শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক তালিকা অনুযায়ী প্রকৃত ও উপযুক্ত উপকারভোগীদের নির্বাচন করে উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জান্নাতুল নাইমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এতে শীতের কষ্ট কিছুটা হলেও কমবে এবং দৈনন্দিন জীবনযাপন সহজ হবে।
