বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের ঘনিষ্ঠ ও পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় লি চিয়াং বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে মর্মাহত। চীন সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।
চীনা প্রধানমন্ত্রী তার বার্তায় স্মরণ করেন, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারত্ব দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদানকে চীন বিশেষভাবে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন তিনি।
দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন লি চিয়াং। তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং এই সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ চালিয়ে যেতে চীন প্রস্তুত বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।
