শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি–এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার মো. জাফর ছাদেক, এফসিএ। সাম্প্রতিক এই পদোন্নতির আগে তিনি একই ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পাশাপাশি মো. জাফর ছাদেক বর্তমানে ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন, কমন সার্ভিসেস ডিভিশন এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।
মো. জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের সূচনা হয় ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস–এ, যেখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং করপোরেট গভর্ন্যান্স প্র্যাকটিসে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।
পরবর্তী সময়ে ওয়ান ব্যাংক পিএলসি–এর মাধ্যমে ব্যাংকিং খাতে তার কর্মজীবন শুরু হয়। ২০০৬ সালে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি–এর আর্থিক প্রশাসন বিভাগে যোগ দেন। তখন থেকে ব্যাংকের আর্থিক কাঠামো সুদৃঢ় করা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে তাকে ব্যাংকের সিএফও হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে সার্বিক পারফরম্যান্স ও কৌশলগত সক্ষমতার ভিত্তিতে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন।
দুই দশকেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে মো. জাফর ছাদেক আর্থিক খাতে একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত পেশাদার হিসেবে পরিচিত। আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শেয়ার বাজার–সংক্রান্ত বিষয়ে তার গভীর দক্ষতা রয়েছে।
সিএফও হিসেবে তার নেতৃত্বে শাহ্জালাল ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে বার্ষিক প্রতিবেদনের উৎকর্ষতায় স্বীকৃতি অর্জন করেছে। ব্যাংকটি আইসিএবি, আইসিএমএবি ও আইসিএসবি থেকে সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য একাধিকবার স্বর্ণ পদক (প্রথম স্থান) অর্জন করেছে। পাশাপাশি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম স্থান (স্বর্ণ পদক) অর্জনের গৌরবও অর্জন করেছে, যা করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
পেশাগত উৎকর্ষতা ধরে রাখতে মো. জাফর ছাদেক দেশ ও দেশের বাইরে অনুষ্ঠিত বহু প্রশিক্ষণ কোর্স, কর্মশালা, সেমিনার ও ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি ছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং একাডেমিতে নিয়মিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
কুয়াশামুক্ত নতুন বছর শুরু রাজধানীতে
টিভিতে আজ যেসব খেলা