৩৩ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার।  তিন বছরের বেশি সময় পর অর্থাৎ অর্থবছর ২০২১–২২ এর পর এই প্রথম রিজার্ভ এই মাত্রায় পৌঁছাল। এতে করে দেশের আমদানি ব্যয় পরিশোধের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল ( ৩১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভ ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫১ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগের তুলনায় এই অঙ্ক বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই রিজার্ভ দিয়ে বাংলাদেশ এখন পাঁচ মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় মেটাতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশের মাসিক আমদানি ব্যয় ৫ দশমিক ৫০ বিলিয়ন ডলারের বেশি। সেই হিসাবে বর্তমান রিজার্ভ দেশের বৈদেশিক লেনদেনের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

গত ১১ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতির হিসাব মতে রিজার্ভ ছিল ২৭ দশমিক ৪৫ ডলার। তার আগের দিন বুধবার (১০ ডিসেম্বর) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ ছিল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।

তবে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। এরপর থেকেই রিজার্ভ কমতে শুরু করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত