রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে রাস্তায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় অস্থায়ীভাবে রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রিকশাচালক রহিম মিয়া জানান, ‘সকালে যাত্রী কম। ঠান্ডায় হাত-পা জমে যায়। তবুও সংসারের জন্য বের হইতে হয়। শীতের কারণে শরীর একদম ভালো থাকে না।’
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।
