লালমনিরহাটের তিন আসনে পাঁচজনের মনোনয়ন বাতিল, দুইটি অপেক্ষমাণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং দুইজনের মনোনয়ন অপেক্ষমাণ রেখেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

জেলা প্রশাসন সূত্র জানায়, পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানি গ্রহণ করা হয়।

শুনানি শেষে লালমনিরহাট-৩ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এর প্রার্থী ফিরোজ কবির এবং লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের সামান্য ত্রুটির কারণে মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়। এদিকে লালমনিরহাট-১ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী, তুরস্কপ্রবাসী শিহাব আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়। তার দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডা. আবু সামা এবং খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়নও বাতিল করা হয়েছে।

লালমনিরহাট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়। তবে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া লালমনিরহাট-২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল এবং লালমনিরহাট-৩ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর মনোনয়ন বৈধতা পেয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, যাচাই-বাছাই শেষে পাঁচটি মনোনয়ন বাতিল এবং সামান্য ত্রুটির কারণে দুটি মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করতে পারলে ওই প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত