রাশিয়ার নিন্দা, যুক্তরাষ্ট্রের দাবি মাদুরোর সরকার অবৈধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তারের খবর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে গ্রেপ্তারের পর তাকে কোথায় রাখা হয়েছে কিংবা সংশ্লিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

ভেনেজুয়েলায় হামলা ও সশস্ত্র সংঘাতের ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে দেশটির অন্যতম বড় মিত্র রাশিয়া। তবে মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নন, তার সরকারেরও বৈধতা নেই। মাদুরো মূলত নার্কো-সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রধান।

কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সশস্ত্র আগ্রাসনের’ নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপগুলোকে ন্যায্যতা দিতে যে অজুহাতগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো টেকসই নয়। বাস্তববাদী প্রজ্ঞা ও আস্থাভিত্তিক, পূর্বানুমেয় সম্পর্ক গড়ে তোলার সদিচ্ছার ওপর আদর্শগত শত্রুতা প্রাধান্য পেয়েছে।’

পাশাপাশি সংলাপের আহ্বান জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মস্কো।

এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে অভিযুক্ত করা হয়েছে।

বন্ডির ভাষ্য অনুযায়ী, মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র, কোকেন আমদানিতে ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্রের দখল, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র দখলের ষড়যন্ত্র’—এই অভিযোগগুলো আনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই তারা আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে, আমেরিকান বিচারব্যবস্থার পূর্ণ কঠোরতার মুখোমুখি হবে।’ তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বন্ডি আরও যোগ করেন, ‘এই দুই কথিত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরতে যে অসাধারণ ও অত্যন্ত সফল অভিযান পরিচালিত হয়েছে, তার জন্য আমাদের সাহসী সামরিক বাহিনীকে বিশাল ধন্যবাদ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত