সুন্দরবনে রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গত শুক্রবার বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয়। তবে শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন সোহেল ও রাজু। দস্যুরা জিম্মিদের মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপন দেওয়ার শর্ত দিয়েছে বলে জানিয়েছেন রিসোর্ট কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।

কোস্ট গার্ড ও বনরক্ষীরা শনিবার সারা দিন অপহৃতদের উদ্ধারে অভিযান চালান। কিন্তু রাত ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট গোলকাননে বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন। বিকালে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড় ও চারজন পর্যটক একটি নৌকায় চড়ে রিসোর্ট-সংলগ্ন বনের ছোট খালে ভ্রমণে বের হন।

এ সময় ওই খাল থেকেই নারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। পরে রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।

সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত—তা নিশ্চিত করে বলতে পারেননি।

এ ঘটনার পর শনিবার সারাদিন রিসোর্ট এলাকায় কোনো ট্যুরিস্ট নৌযান বা পর্যটকের যাতায়াত হয়নি। এতে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা-পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও জনি। দুজনই ঢাকার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত