যশোরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকির ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো সকালে হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন এনাম। সকাল সাড়ে ৮টার দিকে এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুই ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে ডান বুকে, বাঁ হাতের ডানা ও কাঁধে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
হামলায় গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে এনাম সিদ্দিকির চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করেন।
এদিকে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ