সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গাড়ি-জমি জব্দের আদেশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

দুর্নীতি ও মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের তদন্তে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনটি গাড়ি এবং ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার একান্ত সচিব (পিএস) শফিকুল ইসলাম ভূঁইয়ার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। এসব হিসাবে মোট ৫০ লাখ ১৪ হাজার ৮১৮ টাকা রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম জব্দ ও অবরুদ্ধের আবেদনটি করেন।

আদেশ অনুযায়ী, আনিসুল হকের জব্দ হওয়া জমিগুলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া, ময়মনসিংহের ত্রিশাল এবং গাজীপুরের কালিগঞ্জে অবস্থিত। এসব জমির মোট মূল্য ধরা হয়েছে এক কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৭৭৯ টাকা। জব্দ হওয়া তিন গাড়ির মধ্যে একটি গাড়ির মূল্য সাড়ে তিন কোটি টাকা, অপর দুটির মূল্য যথাক্রমে ৬১ লাখ টাকা এবং ৫১ লাখ ২০ হাজার টাকা।

দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে সরকারি চাকুরে হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদ জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, শফিকুল ইসলাম ভূঁইয়ার বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ব্যাংক হিসাব খোলার ফরমে আয় ছাড়া অন্য উৎস থেকে আয়ের গ্রহণযোগ্য দলিল না থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিমাণ নগদ, ক্লিয়ারিং ও স্থানান্তরের মাধ্যমে টাকা জমার অভিযোগ পাওয়া গেছে। তার পেশা ও আয়ের উৎসের সঙ্গে এসব লেনদেন অসামঞ্জস্যপূর্ণ এবং এসব অর্থ আইনসম্মত উপায়ে অর্জিত হয়নি বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, শফিকুল ইসলাম ভূঁইয়া অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করতে পারেন। তাই তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত